০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শাহজালালে দুই কোটি টাকার সোনা নিয়ে ধরা ২

তাদের একজন বিমান বাংলাদেশের কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 02:48 PM

Updated : 02 Oct 2026, 02:48 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীসহ দুজনকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।

শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তার পরিচয় জানানো হয়নি।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দর অ্যাভসেকের সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট ওই কর্মীর দেহ তল্লাশি করে। তখন ওবায়দুরের শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ১ কেজি ৫০ গ্রাম।

ওবায়দুরের তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।

তল্লাশিকালে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।