Published : 16 Sep 2026, 05:30 PM
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্কুল ও মাদ্রাসায়ও সরকার ‘মনিটর’ করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, “সরকারের মূল লক্ষ্য সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা যথাযথভাবে পৌঁছে দেওয়া। এ জন্য ‘মনিটর’ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বুধবার রাজধানীর গুলশানে ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ এর আলোচনাসভায় একথা বলেন প্রতিমন্ত্রী।
প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ে প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী বিনামূল্যে সরবরাহ এবং এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার একটি পাইলট প্রকল্প নিয়ে কাজ চলছে।
হাওরসহ দুর্গম এলাকার শিশুদের নিয়ে তিনি বলেন, “এসব এলাকার জন্য বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক উপস্থিতি ও আবাসিক সুবিধা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলাদাভাবে কাজ শুরু হয়েছে।”
লেখক ও উন্নয়নকর্মী নিশাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, আন্না মিনজ, নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদও কথা বলেন।