০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাতে রিয়াজ হামিদুল্লাহ

নিজের এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোববার ছবি-ভিডিও প্রকাশ করে এই খবর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 08:57 PM

Updated : 04 Oct 2026, 08:57 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দুই দেশের সম্পর্কের বড় রকমের অস্বস্তির মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করা কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ।

নিজের এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোববার ছবি-ভিডিও প্রকাশ করে এই খবর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরে রিয়াজ হামিদুল্লাহও ওই এক্স পোস্টে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

জয়শঙ্কর লিখেছেন, “বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বরণ করতে পেরে আনন্দিত। তার অবদানকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে সব প্রচেষ্টার তার সর্বোচ্চ সফলতা কামনা করি।”

এক্স অ্যাকাউন্টে ওই পোস্টে প্রতিক্রিয়ায় দিল্লিতে আঠারো মাসের দায়িত্বকাল কেমন, তার একটি ধারণা দেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি লেখেন, “বাংলাদেশের দূত হিসাবে ভারতের ১৮ মাসের মেয়াদে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন লাভের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ধীরস্থিরভাবে স্থিতিশীল রাখা ও এগিয়ে নেওয়ার এবং অভিন্ন স্বার্থে দীর্ঘযাত্রার জন্য দৃঢ় রাখার চেষ্টা করেছি কূটনীতির প্রথাগত পথে না হেঁটে, মানুষের হৃদয় ছোঁয়ার চেষ্টা করে।”

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরু থেকে দূরত্ব দেখা দেয় দিল্লির। ওই সময়ে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ২০২৫ সালের এপ্রিল দিল্লি মিশনের দায়িত্ব নেন রিয়াজ হামিদুল্লাহ। নানা ইস্যুতে পারস্পরিক অভিযোগ ও বিক্ষোভের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে।

এর মধ্যে ভারত সরকার বলে আসছিল, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচনের মাধ্যমে ঢাকার শাসন ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করবে তারা। একই দিনে পাল্টাপাল্টি কূটনীতিকদের তলবের রেশ না কাটার প্রেক্ষাপটেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দিল্লির মনোভাবে পরিবর্তন দেখা যায়।

চলতি বছরের জানুয়ারির শেষে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে চিঠিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জাতীয় নির্বাচনে জিতে ১৭ ফেব্রুয়ারি বিএনপির নতুন সরকার আসে বাংলাদেশে। সরকারের অভিষেকে যোগ দিতে আসেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা।

সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা-দিল্লির পারস্পরিক বার্তার মধ্যে দিল্লিতে যাওয়ার প্রায় এক বছর পর চলতি বছরের ২০ মার্চ জয়শঙ্করের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতের সুযোগ পান রিয়াজ হামিদুল্লাহ।

বিএনপি সরকার বিভিন্ন কূটনৈতিক মিশনে পরিবর্তনের প্রক্রিয়ায় জেনিভার জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হবেন রিয়াজ হামিদুল্লাহ। দিল্লি মিশনে তার উত্তরসূরী হচ্ছেন মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম।

দুদেশের সম্পর্কের টানাপোড়েনের শধ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং ইউনেস্কো স্বীকৃতি পাওয়া টাঙ্গাইলে তাঁতের শাড়ি নিয়ে বিভিন্ন আয়োজন করেন রিয়াজ হামিদুল্লাহ। সবশেষ বাংলাদেশের জাতীয় মাছ নিয়ে দিল্লিতে আয়োজন করা হয় ‘ইলিশ উৎসব’।

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে স্নাতক করে একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন রিয়াজ হামিদুল্লাহ।

১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার এবং নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন।