কামরুজ্জামানের একক প্রদর্শনী ‘৭৯ গ্রাফিক্স’ শুরু
প্রদর্শনীতে লিথোগ্রাফি মাধ্যমে তৈরি শিল্পীর ৭৯টি শিল্পকর্ম রয়েছে।
ঢাকার উত্তরার একটি গ্যারালিতে শিল্পী কামরুজ্জামান সাগরের দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী ‘৭৯ গ্রাফিক্স’ শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ‘গ্যালারি কায়ায়’ শুরু হওয়া এ প্রদর্শনীতে শিল্পীর ৭৯টি শিল্পকর্ম স্থান পেয়েছে; যেগুলো তিনি লিথোগ্রাফি মাধ্যমে তৈরি করেছেন।
এ প্রদর্শনী চলবে ২৫ অগাস্ট পর্যন্ত, যা প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন্নবী। পরে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন।
২০১০ সালে শিল্পী কামরুজ্জামান সাগরের প্রথম প্রদর্শনী হয়েছিল। ১৩ বছর পর হচ্ছে দ্বিতীয় একক প্রদর্শনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান সাগর গ্লিটজকে বলেন, “যে ৭৯টি শিল্পকর্ম প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে, সেগুলো মূলত তিনি ২০১১ থেকে ২০২৩ সালের সময়টাতে তৈরি করেছেন।"
এক যুগের অনেক শিল্পকর্ম থেকে এখানে ৭৯টি শিল্পকর্ম তুলে ধরেছেন জানিয়ে তিনি বলেন, "এসব শিল্পকর্মে গ্লোবাল ওয়ার্মিং কীভাবে মানুষ এবং জীব-জগতের উপর প্রভাব তৈরি করছে, এটিই মূলত এই প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।"
দুই দশক আগে প্রতিষ্ঠিত গ্যালারি কায়া নবীন ও প্রবীণ শিল্পীদের একক ও দলীয় ১৩৮টি প্রর্দশনীর আয়োজন করেছে।
এছাড়া দেশে ও দেশের বাইরে আটটি আর্ট ক্যাম্প, ৩১টি সফল আর্ট ট্রিপ, ৭টি কর্মশালার আয়োজন করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, প্রদর্শনীগুলোর পৃষ্ঠপোষকতা করছে এডিএন গ্রুপ।
