২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে এক দিনের শোক

সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনকালে বাংলাদেশের পতাকা অর্ধনমিত থাকবে, দেশের মসজিদগুলোতে দোয়া হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 04:08 PM

Updated : 17 Dec 2023, 04:08 PM

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বাংলাদেশে সোমবার এক দিনের শোক পালন করা হবে।

বাসস জানিয়েছে, রোববার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের এই ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র ইন্তেকালে ১৮ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

“এ উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।”

কুয়েতের আমিরের রুহের মাগফেরাতের কামনায় সোমবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা হবে।

৮৬ বছর বয়সে শনিবার মারা যান কাতারের আমির শেখ নাওয়াফ। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে গত মাসের শেষে দিকে জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।

শেখ নাওয়াফকে ২০০৬ সালে কুয়েতের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। সে সময়ে কুয়েতের আমির ছিলেন তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ। ২০২০ সালের সেপ্টেম্বরে শেখ সাবাহ ৯১ বছর বয়সে মারা গেলে শেখ নাওয়াফ কুয়েতের আমির হন।

আমির হওয়ার আগে তিনি কুয়েতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৩৭ সালে জন্ম নেওয়া শেখ নাওয়াফ ছিলেন কুয়েতের প্রয়াত শাসক শেখ আহমদ আল-জাবের আল-সাবাহর (১৯২১-১৯৫০) পঞ্চম পুত্র।

তার মৃত্যুতে দেশটির নতুন আমির হিসেবে শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহর নাম ঘোষণা করা হয়েছে। নতুন আমির প্রয়াত শেখ নাওয়াফের সৎ ভাই।

আরও পড়ুন-

পুরনো খবর:

কুয়েতের আমিরের মৃত্যুতে হরতাল একদিন পেছাল বিএনপি
কুয়েতের আমির মারা গেছেন
কুয়েতের নতুন আমির শেখ মেশাল