০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নিয়মিত চর্চায় গড়ে ওঠে গণতান্ত্রিক সংস্কৃতি: রাষ্ট্রপতি

“গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 03:58 PM

Updated : 04 Oct 2026, 03:58 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপ্রধান এ আহ্বান জানান বলে জানিয়েছে তার দপ্তর।

রাষ্ট্রপতি বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যেতে সকলকে কাজ করতে হবে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আবশ্যক।

“একইসঙ্গে গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন। আর সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে।”

রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, এসময় অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণও জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন ও প্রেস সচিব সরওয়ার আলম।