ইরানে ‘মানবাধিকার লঙ্ঘনের’ তথ্যানুসন্ধান মিশনের নেতৃত্বে সারা হোসেন
তিন সদস্যের এই মিশনে অন্য দুজন পাকিস্তান ও আর্জেন্টিনার।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ‘ইরান বিষয়ক তথ্যানুসন্ধান মিশনের’ প্রধানের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আইনজীবী সারা হোসেন।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার তিন সদস্যের এই মিশন গঠন করা হয়। সারা হোসেন নেতৃত্বাধীন এই মিশনের সদস্য হিসাবে রয়েছেন যুক্তরাজ্যের ওয়ারউইক ইউনিভার্সিটির অধ্যাপক পাকিস্তানের নাগরিক শাহীন সরদার আলী এবং আর্জেন্টিনার আইনজীবী ভিভিয়ানা ক্রিসটিচেভিচ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে এই মিশন। বিশেষ করে নারী ও শিশুদের বিষয়টি তাদের অনুসন্ধানের আওতায় থাকবে।
তিন সদস্যের কমিটিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তথ্য সংগ্রহ ও পারিপার্শ্বিক অবস্থা নির্ধারণ, তথ্যের সমন্বয়, প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করতে বলা হয়েছে।
হিজাব পরার বাধ্যবাধকতার বিরুদ্ধে ইরানে নারীদের বিক্ষোভে দপন-পীড়নে গত তিন মাসে ২০০ জন নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইরান।
তবে জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থা বলছে, নিহতের সংখ্যা তিনশর বেশি। এছাড়া বিক্ষোভের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ ওঠেছে ইরানের রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে।
এসব বিষয়ে বিভিন্ন অংশীজনের কাছ থেকে সুপারিশ গ্রহণের পাশাপাশি ইরান সরকার, জাতিসংঘ মানবাধিকার কমিশনারের কার্যালয়, ইরান বিষয়ক বিশেষ প্রতিবেদকসহ বিভিন্ন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ক্ষমতা দেওয়া হয় সারা হোসেন নেতৃত্বাথীন মিশনকে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বাংলাদেশ লিগ্যাল এইচ অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন; ২০১৬ সালে জাতিসংঘের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ প্রতিবেদকের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন তিনি।
উইমেন্স ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব জেন্ডার জাস্টিসের উপদেষ্টা কমিটিতে দায়িত্ব পালন করা সারা হোসেন জাতিসংঘের ‘নির্যাতনের শিকার’ ব্যক্তিদের ট্রাস্ট ফান্ড ‘বোর্ড অব ট্রাস্টিজ- এর সদস্যও ছিলেন।
তিনি ২০১৮ সালে ফিলিস্তিনে বিক্ষোভের বিষয়ে জাতিসংঘ গঠিত তদন্ত কমিশনের সদস্য ছিলেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েডহ্যাম কলেজের ডিগ্রিধারী সারা ১৯৮৯ সালে বার-এট ল ডিগ্রি অর্জন করেন। তিনি আইনজ্ঞ ও রাজনীতিক কামাল হোসেন এবং মানবাধিকারকর্মী হামিদা হোসেনের মেয়ে।
