১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকার ১০ এলাকায় তৎপর ’কিশোর গ্যাং’: পুলিশ কমিশনার

কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারকে সচেতন হওয়ার আহ্বান তার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 01:09 AM

Updated : 28 Apr 2024, 01:10 AM

রাজধানী ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরাসহ ১০টি এলাকায় ‘কিশোর গ্যাং’ এর তৎপর থাকার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিুবর রহমান। 

কিশোরদের এমন অপরাধে জড়ানো থেকে দূরে রাখতে পরিবারকে সবার আগে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার দুপুরে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ’ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

পুলিশ কমিশনার বলেন, এসব কোমলমতি কিশোরদের যদি অভিভাবকরা সময় দেন ও ঠিকমত দেখাশোনা করেন তাহলে তারা কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ার কথা না। 

“কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” 

তার দাবি, কিশোর অপরাধ সংক্রান্তে যেসব অভিযোগ পুলিশের কাছে আসে সেগুলোর প্রতিটিতে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। 

কিশোর অপরাধের ক্ষেত্রে প্রতিকার ও প্রতিরোধমূলক দুটি কাজই পুলিশ করে থাকে মন্তব্য করে তিনি বলেন, কোনো ঘটনা ঘটে গেলে মামলা, গ্রেপ্তার এবং আদালতে পাঠানোর বিষয় ছাড়াও বিভিন্ন স্কুলে মহল্লায় অনুষ্ঠানের মাধ্যমে এমনকি মসজিদে গিয়েও মানুষকে সচেতন করার কাজটি করছে পুলিশ। 

মোবাইল ফোনকে একটি ‘চলমান লাইব্রেরি’ হিসেবে আখ্যা দিয়ে হাবিবুর বলেন, এই আধুনিক যুগে সবার জীবনের মোবাইল ফোন একটি অপরিহার্য বিষয়। এর ব্যবহারের ইতিবাচক দিকের পাশাপাশি বহু নেতিবাচক দিকও রয়েছে। 

“নেতিবাচক ব্যবহার বাদ দিয়ে যদি কেউ মোবাইলের ইতিবাচক ব্যবহার করে তাহলে সে আদর্শ মানুষ হয়ে উঠতে পারে।” 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

এ দিনের প্রতিযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে হয়েছে ঢাকা কমার্স কলেজ বিজয়ী হয়।