Published : 17 Sep 2026, 04:41 PM
ঢাকার আমিনবাজারে বিতণ্ডা মেটাতে গিয়ে হামলার শিকার হয়ে প্রাণ হারানো এসবি পুলিশের এসআই আলতাফ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে নিহতের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, আলতাফ হোসেনের ‘নৈতিকতা ও সাহসিকতাপূর্ণ’ কাজের স্বীকৃতি হিসেবে এ পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাক্ষাতের সময় নিহতের স্ত্রী শিউলী পারভীনের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারকে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়া নিহতের পারিবারিক ব্যবসা সচল রাখার স্বার্থে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঋণসহ সার্বিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় এক ব্যক্তির অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক-বিতর্ক মেটাতে গিয়ে তোপের মুখে পড়েন পুলিশ সদস্য আলতাফ হোসেন। প্রাণ বাঁচাতে আলতাফ তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান গ্র্যান্ড ফ্যাশনে আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
আসামিরা আলতাফ হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। বাঁচাতে এলে আলতাফের ছেলে আরিফুল ইসলামকেও কুপিয়ে আহত করা হয়।
তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী পারভীন ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় ওইদিন মামলা করেন। এ ঘটনায় ইতোমধ্যে ১৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মামলার প্রধান আসামি জহুরুলসহ তিনজন আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
এসবি সদস্যকে হত্যা: ৩ আসামির স্বীকারোক্তি, দুজন পাঁচদিনের রিমান্ডে
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: তিন আসামি রিমান্ডে, দুজন কারাগারে
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: আরও ৮ আসামি রিমান্ডে
আমিনবাজারে এসবি সদস্য হত্যায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
মারধরের প্রতিবাদ করায় সাভারে এসবি সদস্যকে খুন, ছেলের কারখানায় তাণ্ডব
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা