নির্বাচন ভবনের মনিটরিং সেল পর্যবেক্ষণ করে রাজশাহী ও সিলেট সিটি ভোটের পরিস্থিতি তুলে ধরেন নির্বাচন কর্মকর্তারা।
Published : 21 Jun 2023, 11:58 AM
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দুই ঘণ্টায় কোনো অনিয়ম বা গোলযোগের খবর না পাওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
ঢাকায় নির্বাচন ভবনে বুধবার সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, “নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাই নাই। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।”
ইলেকট্রনিক ভোটিং মেশিন-এভিএমে জটিলতা সংক্রান্ত কোনো খবরও আসেনি জানিয়ে তিনি বলেন, “শুরুতে শুধু রাজশাহীর একটা জায়গায় একটু সমস্য হইছিল। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে।
“ওটা নিয়ে রিটার্নিং অফিসারের সাথে আমার কথা হয়েছে, উনি তখন ওখানেই ছিলেন। ওটা ঠিক সময়েই শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে খুব একটা কোনো তথ্য আসেনি।”
তবে ইভিএমে ত্রুটি হলে সেটি মোকাবিলা করার সক্ষমতা আছে জানিয়ে তিনি বলেন, “ইভিএমে যদি কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে আপনারা জানেন যে আমাদের ব্যাকআপ মেশিন আছে, কারিগরী টিম আছে। যদি কোনো সমস্যা হয়, আমরা সাথে সাথেই সেটা দূর করার চেষ্টা করব।”
সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন দুই নগরীর ৮ লাখ ৩৮ হাজারের বেশি ভোটার; জাতীয় নির্বাচনের ছয় মাস আগে এ নির্বাচনে সবার নজর ভোটের হারের দিকে।
পুরানো খবর:
ভোট দিচ্ছে সিলেট ও রাজশাহীআগের তিনটির মত এ দুই সিটি নির্বাচনেও ভোট হচ্ছে এভিএমে। এবারও কেন্দ্রে কেন্দ্রে ভোটের পরিস্থিতি সিসি ক্যামেরায় ঢাকা থেকে সরাসরি দেখছে নির্বাচন কমিশন।
নির্বাচন কর্মকর্তারা জানাচ্ছেন, দুই নগরের ৩৪৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোট শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদ মিলিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন সোয়া পাঁচশ প্রার্থী।
দুই সিটিতে ভোটার উপস্থিতি ভালো জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “উপস্থিতি বেশ ভালো। সিলেটের কোনো কোনো কেন্দ্রে গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তাই দুই-একটা কেন্দ্রে একটু কম, আর সব জায়গায় ভালো। রাজশাহীতে তো খুবই ভালো।”