তারে আটকা টিয়া উদ্ধারে গিয়ে দগ্ধ রবিনহুড’র দুই কর্মী
তাদেরকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে।
ঘুড়ির সুতার সঙ্গে তারে পেঁচিয়ে যাওয়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ারের দুই কর্মী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক স্বেচ্ছাসেবী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্বেছাসেবী আতিফ (৩০) ও গাড়ি চালক শফিকুর রহমানকে (৪৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সামান্য আহত হয়েছেন স্বেচ্ছাসেবক রুপক (২৫)।
ইনস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, “আমাদের এখানে তিনজন এসেছিলেন। তাদের মধ্যে দু'জনকে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তিদের কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।"
রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ারের প্রধান আফজাল খান জানিয়েছেন, এদিন বিকালে স্থানীয়রা খবর দেন, হাসনাবাদ এলাকায় একটি টিয়া পাখি বিদ্যুতের তারের সঙ্গে ঘুড়ির সুতায় পেঁচিয়ে আটকে আছে।
“তখন আমাদের একটি রেসকিউ টিম পাখিটিকে সেখান থেকে উদ্ধার করে মুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও দগ্ধ হন।”
ঘটনার বর্ণনায় তিনি বলেন, পাখিটিকে মুক্ত করতে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে যায় স্বেচ্ছাসেবীরা। সেখান থেকে আতিফ একটি পাইপ দিয়ে আটকে থাকা সুতাটি ছেড়ার চেষ্টা করার মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন সঙ্গে গাড়ি চালক শফিকুরও দগ্ধ হয়ে ছাদের উপরে পড়ে যান। আহত হয় রুপক। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
