২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শেষ কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

সবমিলিয়ে এবার ঈদে ছুটি পাওয়া যাচ্ছে অন্তত পাঁচদিন। আর ৩০ রোজা হলে ছুটি গড়াবে ছয় দিনে।

শেষ কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 04:20 PM

Updated : 18 Apr 2023, 04:20 PM

ঈদের আগে শেষ কর্মদিবসে বেশ উচ্ছাস-উদ্দীপনা সচিবালয়ে, টানা পাঁচ দিনের ছুটিতে যাওয়ার আগে নিজেদের মধ্যে বিদায়ী আলাপ সারছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।

শবে কদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ১৯ এপ্রিল শবে কদরের ছুটি থেকেই কার্যত ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে।

সবমিলিয়ে এবার ঈদে ছুটি পাওয়া যাচ্ছে অন্তত পাঁচদিন। আর ৩০ রোজা হলে ছুটি গড়াবে ছয় দিনে।

মঙ্গলবার শেষ কর্মদিবসের দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণায়, তথ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকটি দপ্তর ঘুরে ছুটির আমেজ দেখা যায়।

কর্মকর্তা-কর্মচারীরা খানিকটা খোশগল্পে মাতেন এদিন। কেউ কেউ নিজেদের মধ্যে ঈদ সালামির জন্য নতুন টাকাও বিনিময় করেন।

সরকারি কর্মচারীদের দেখা গেছে, ঈদের উপহার বিতরণের জন্য ছুটে বেড়াচ্ছেন। কেউ কেউ দপ্তরের অধস্তনদের ঈদ সালামি দিচ্ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া বলেন, এবার ঈদের ছুটি ও শবে কদরের ছুটির মাঝখানে একদিনের বাড়তি ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাই কারও মধ্যে অগ্রিম ছুটি নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে না।

এবার ২৯ রোজাতেই ঈদের চাঁদ দেখা গেলে শনিবার ঈদ উদযাপন করবে দেশের মানুষ। সেক্ষেত্রে রোববার ছুটি কাটিয়ে সোমবার ফের অফিসে হাজির হতে হবেন। আর ঈদ রোববার হলে ছুটিও একদিন বাড়বে।