২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের ইউরেনিয়াম চালান: মন্ত্রীর আশা পাকিস্তান অনুমোদন দেবে

রাশিয়া নতুন করে অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর তারিখ প্রস্তাব করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 07:25 PM

Updated : 28 Sep 2026, 07:25 PM

সব প্রস্তুতি থাকার পরও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের চালানবাহী বিমান রাশিয়া থেকে দেশে আসতে পারেনি।

বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে রিফুয়েলিংয়ের জন্য ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি আসার কথা ছিল।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার সাংবাদিকদের বলেন, “পাকিস্তান ক্লিয়ারেন্সটা দেয়নি। এখানে তো কতগুলো দেশ রয়েছে, আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান এবং এরপর ভারত হয়ে আসে। পাকিস্তান থেকে ক্লিয়ারেন্সটা… যেহেতু আগে এসেছে, দিয়ে দেবে। হয়ত কোনো একটা গ্যাপ ছিল, দেয়নি। এটা ক্লিয়ারেন্স হয়ে যাবে।

“ওরা আবার রিশিডিউল করে দিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে যে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আবার নিয়ে আসবে ওরা (রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম)। এর মধ্যে ওরা ওদের কাজ করবে।”

রাশিয়ান কোম্পানির দায়িত্ব ইউরেনিয়াম আমাদের এখানে পৌঁছে দেওয়া। একটু এদিক-সেদিক তো হতেই পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে ফকির মাহবুব আনাম বলেন, “আমরা জানতে পেরেছি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম বহনকারী একটি কার্গো বিমানের ২৪ সেপ্টেম্বর আসার কথা ছিল। তবে বিমানটিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ফলে পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছায়নি। পাকিস্তান কেন আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দেয়নি, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।

“রাশিয়া নতুন করে অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর তারিখ প্রস্তাব করেছে।”

ইউরেনিয়ামের চালান আসতে না পারার ঘটনা বর্ণনা করে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক কবির হোসেন বলেন, “আমার যে ফুয়েল আসার কথা… ইউনিট ওয়ানের ফুয়েল আমি লোড করেছি। এক বছর পরে ইউনিট ওয়ানের ফুয়েল পরিবর্তন করতে হবে।

“অর্থাৎ এক বছর পরে যে রিলোড, সেটা। এক বছর পরে যে রিলোড সেটা হইছে, আমার দুইটা ফ্লাইটে আসবে ৪৮টা অ্যাসেম্বলড। এইটা আসার কথা ছিল ২৪ তারিখে একটা ফ্লাইটে। অক্টোবরের ১ তারিখে একটা ফ্লাইট। এই দুই ফ্লাইটে আসার কথা।”

একইভাবে পরের সাতটি ফ্লাইটে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসার সূচি থাকার তথ্য দিয়ে তিনি বলেন, “৮ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে একটি করে সাতটি ফ্লাইটে আসার কথা ছিল ইউনিট-২ এর ফার্স্ট লোড। ইউনিট-২ এর ফার্স্ট লোড অর্থাৎ ইউনিট-২ এর ফ্লাইট মানে ফুয়েল।

“আমরা ইউনিট ওয়ানের ফুয়েল যে রকমে ২০২৩ সালে আনছিলাম, ওরকমের দ্বিতীয় ইউনিটের ফুল ফুয়েল আরকি। পুরো ফুয়েলটা যেখানে আগের মতই সাতটা ফ্লাইটে আসার কথা।”

সাধারণত কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের আকাশসীমা দিয়ে এ ইউরেনিয়াম আসার তথ্য দেন প্রকল্প পরিচালক।

ইউরেনিয়াম গ্রহণ ও রূপপুরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি তুলে ধরে কবির হোসেন বলেন, “হঠাৎ করে ২৩ তারিখ ৯টার দিকে জানাল (রসাটম), ফ্লাইটটা স্থগিত। বলছে, আমাদের একটু এয়ার স্পেসে সমস্যা হচ্ছে। সকলের পারমিশন পাওয়া যায়নি, যেসব দেশ থেকে আসবে। আমরা চেষ্টা করছি কূটনৈতিক পথে যাতে অনুমোদন পাওয়া যায়।

“২৪ তারিখ সকালবেলা আবার ফোন দিলাম। তোমরা বলো, আমাদের তো প্রস্তুতি নিতে হবে। তখনও বলল, আমরা এখনও কূটনৈতিক মাধ্যমে চেষ্টা চালাচ্ছি। সবশেষ, ২৪ তারিখ রাতে জানানো হল, রুটের অনুমোদন পায় নাই; এই ফ্লাইট স্থগিত। আমরা তোমাদেরকে পরবর্তীতে শিডিউল জানাব।’

এরপর নতুন করে শিডিউল দেওয়ার কথা তুলে ধরে ধরে কবীর হোসেন বলেন, ১ অক্টোবর থেকে ফ্লাইট শুরু হবে। অর্থাৎ এক সপ্তাহ পেছাল।

এদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় ইউরেনিয়াম আসতে না পারার মধ্যে সোমবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় দেশটির হাই কমিশনার ইমরান হায়দার।

আকাশসীমা ব্যবহার করতে না পারার বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেছেন, এটা নিয়ে আলোচনা হয়নি। হাই কমিশনারের সঙ্গে এটা তার প্রথম সৌজন্য সাক্ষাৎ ছিল।

আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে ‘চিন্তিত না’ হওয়ার কথাও বলেন হুমায়ুন কবির।