২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

এ নিয়ে সপ্তমবারের মতো অভিযোগ গঠনের শুনানি পেছাল।

হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 03:19 PM

Updated : 24 Sep 2026, 03:18 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাক চালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ফের পিছিয়ে আগামী ৮ অক্টোবর রেখেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলম এ দিন ঠিক করে দেন বলে জানিয়েছেন

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম।

তিনি বলেন, “আজ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। তবে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাকে এই আদালতে হাজির করা হয়নি।

“এজন্য রাষ্ট্রপক্ষ থেকে মামলার শুনানি পেছাতে আবেদন করে। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৮ অক্টোবর শুনানির পরবর্তী দিন রেখেছেন।”

এ নিয়ে সপ্তমবারের মতো অভিযোগ গঠনের শুনানি পেছাল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামের দুই ব্যক্তি।

হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গেল বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন। জামিনে রয়েছেন ১০ জন।