সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করায় ডিআরইউ ও ক্র্যাবের নিন্দা
“হয়রানি বা পেশাগতভাবে চাপে ফেলতে মামলা করা হলে তা সাংবাদিকতার জন্য উদ্বেগজনক," বিবৃতিতে বলেছে ডিআরইউ।
ডেইলি টাইমস অব বাংলাদেশের সাংবাদিক মো. কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন (ক্র্যাব)।
বুধবার আলাদা বিবৃতিতে সংগঠন দুটি এ প্রতিক্রিয়া জানিয়েছে।
ডিআরিইউয়ের বিবৃতিতে বলা হয়, “কোনো সাংবাদিককে হয়রানি বা পেশাগতভাবে চাপে ফেলার উদ্দেশ্যে মামলা করা হলে তা সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।"
ডিআরইউয়ের স্থায়ী সদস্য ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রাজধানীতে থাকেন।
এ অবস্থায় সাভারের ঘটনায় তাকে আসামি করার বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখা প্রয়োজন বলে বিবৃতিতে বলা হয়।
গত ২১ সেপ্টেম্বর রাত পৌনে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ‘সাভার পরিবহন’ নামে একটি বাসে আগুন লাগে।
এ ঘটনায় বাসের মালিক হাবিবুর রহমানসহ ৪০ জনের বিরুদ্ধে সাভার থানার এসআই আব্বাস উদ্দিন একটি মামলা করেন। এ মামলায় কামরুজ্জামানের নামও রয়েছে।
