মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে তরুণীর মৃত্যু
ঘটনা জানতে তার বন্ধুকে খুঁজছে পুলিশ।
ঢাকার মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে এক তরুণী মারা গেছেন।
রোববার রাতের এ ঘটনার পর ভোরে সাহিদা ইসলাম মিম নামে এ তরুণীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।
নিহত ২১ বছর বয়সী মিমের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন রমনা থানার এসআই আমেনা খানম।
মিমের মায়ের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, রাতে এক বন্ধু তাকে কফি খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর মধ্যরাতে মিমের মা মেয়ের মৃত্যুর খবর পান।
এসআই আমেনা জানান, মিম এসএসসি পাস করার আর লেখাপড়া করেননি। তিনি বিভিন্ন জায়গায় নাচ-গান করে বেড়াতেন।
“তার লাশের পাশে যে ভ্যানেটি ব্যাগ পাওয়া যায়, সেখানে তার মোবাইল ফোন পাওয়া যায়। ওই মোবাইল থেকে তার মায়ের নম্বর পেয়ে যোগাযোগ করা হয়।”
নিহতের বাবা অনেক আগেই মারা গেছেন উল্লেখ করে পুলিশ কর্মকর্তা আমেনা বলেন, “তার মা যে বন্ধুর কথা বলেছেন, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি কীভাবে পড়ে মারা গেলেন, মাদক গ্রহণ বা ধর্ষণের শিকার হয়েছিলেন কি না- সে ব্যাপারেও জানার চেষ্টা চলছে।”
