০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি টাকার বেশি সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 07:25 PM

Updated : 04 Oct 2026, 07:25 PM

দুর্নীতির মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়ার নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৭টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রাশেদুল কাওসারের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলার তদন্ত চলছে। তদন্তকালে তার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

‘বিশ্বস্ত সূত্রের’ বরাতে আবেদনে বলা হয়, আসামি তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।