০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাতে মিরপুর ১০ এলাকা পরিদর্শন ডিএনসিসি প্রশাসকের

হকার উচ্ছেদের পর খালি হওয়া জায়গায় দ্রুত গাছ লাগাতে বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 09:38 AM

Updated : 06 Oct 2026, 09:38 AM

রাতে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০ এলাকা ঘুরে দেখলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তিনি উচ্ছেদ হওয়া হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।

সোমবার রাত ১১টার দিকে প্রশাসক মিরপুরের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন বলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় তিনি মিরপুর ১০ নম্বর এলাকায় হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচি, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, ডাস্টবিন স্থাপনসহ জনভোগান্তি কমাতে বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের দেওয়াল থেকে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণ করা হয়েছে।

সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতি আঁকার পরিকল্পনাও পর্যালোচনা করেন শফিকুল ইসলাম।

মিরপুর ১০ এলাকাকে একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল স্থান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।