১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৪৫তম বিসিএস: শনিবারের মধ্যে সিদ্ধান্ত চান গেজেটে বাদ পড়া প্রার্থীরা

সুপারিশপ্রাপ্ত হয়েও প্রজ্ঞাপন থেকে বাদ পড়েছেন ১০৫ জন প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 10:48 PM

Updated : 15 Oct 2026, 10:48 PM

নিজেদের গেজেটভুক্তির বিষয়ে শনিবার সকাল ১০টার মধ্যে সরকারের সিদ্ধান্ত জানতে চেয়েছেন ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়া প্রার্থীরা।

এ সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে ‘আত্মহুতি কর্মসূচিতে’ যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা।

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সংবাদ সম্মেলন এবং মানববন্ধন’ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

আন্দোলনে নামা প্রার্থীরা বলেন, পিএসসির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও তাদের গেজেট থেকে বাদ দেওয়ার কোনো ‘যৌক্তিক কারণ’ দেখছেন না।

মানববন্ধনে ৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে চাকরিরত এবং ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থী নূরে আলম বলেন, পিএসসির সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরও তাদেরকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে।

ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়া কিংবা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার মতো বিষয় ছাড়া কাউকে বাদ দেওয়ার নিয়ম নেই বলে দাবি করেন তিনি।

নূরে আলম বলেন, “আমি জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিলাম। আমার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো প্রমাণ না থাকার পরেও বাদ দেওয়া হয়েছে।”

৪৪তম বিসিএসে চাকরিতে থাকা অবস্থায় কীভাবে ৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়লেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী এবং ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থী একরাম গাজী হৃদয়।

তিনি বলেন, "স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, রাজনৈতিক কারণে কাউকে গেজেটবঞ্চিত করা হবে না। এখানে আমরা কেউ দেশদ্রোহী বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমাদের কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই।

“আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার মূল্যায়ন করে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন, যেন ভবিষ্যতে কোনো সরকার তরুণদের সঙ্গে এমন অন্যায় করতে না পারে।"

বুধবার রাতে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১৭০২ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় প্রায় চার বছর আগে। ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের পরের বছর মে মাসে হয় প্রিলিমিনারি পরীক্ষা।

এরপর ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত ও ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। পরে ওই বছরের ২৬ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

চূড়ান্ত ফলে ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এরও দশ মাসেরও বেশি সময় পর ১৭০২ জন চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন পেলেন। আর বাদ পড়লেন ১০৫ জন।