১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মামুনুল হকের জামিন স্থগিতই থাকছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দু’টি মামলা হয় মামুনুল হকের বিরুদ্ধে। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 09:15 PM

Updated : 10 Jul 2023, 09:15 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ। ফলে তিন মাস তার জামিন স্থগিত থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

গত ৯ মে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায়
জামিন দেন।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ মে এ দুই মামলায় জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

তার ধারবাহিকতায় মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় উঠে। এরপর আদালত শুনানি তিন মাসের জন্য মুলতবি করে।

২০২১ সালের ৩০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

এর আগে ওই বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণা ও  মামুনুল হককে আটক করে স্থানীয়রা।

এরপর ২০২১ সালের ১৮ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দু’টি মামলা হয় মামুনুল হকের বিরুদ্ধে। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামুনুল হকের বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে ১৩টি এবং হাই কোর্টে ৫ মামলায় জামিন পান।