৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে আবাসিক ভবনের মিটার বোর্ডে আগুন, ধোঁয়ায় আতঙ্ক

ধোঁয়া ছড়িয়ে পড়লে ১৪ তলা ভবনের সবাই নিচে নেমে আসেন এবং আতঙ্ক তৈরি হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 01:56 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় একটি ১৪ তলা ভবনের নিচ তলায় বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বুধবার বেলা ১২টার দিকে হাজী মকবুল হোসেন কলেজের পাশে ওই ভবনে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ার কারণে একটি শিশু অসুস্থ হলে ফায়ার সার্ভিস তাকে হাসপাতালে নিয়ে যায়।"

এদিকে বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন লাগার ওপর ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনের সবাই নিচে নেমে আসেন এবং আতঙ্ক তৈরি হয়।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন বেশি ছড়াতে পারেনি। দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ধারণা।