Published : 30 Jan 2026, 12:06 AM
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯ পদে নিয়োগের আবেদন ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্যপদে এসব নিয়োগ দেওয়া হবে।
এবার ৮০ নম্বরের লিখিত পরীক্ষা, ১২ নম্বরের মৌখিক পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ৮ নম্বর থাকবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ— এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯টি পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি আমরা চূড়ান্ত করে শুক্রবার প্রকাশের জন্য পত্রিকায় পাঠিয়েছি।
"আবদেন ফি কত টাকা দিতে হবে, সে বিষয়সহ বিস্তারিত তথ্যসহ এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে।"
নিয়োগ পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি জানিয়ে তিনি বলেন, "আগে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা আবেদন করুক। জাতীয় নির্বাচন ও গণভোটের পর পরীক্ষার তারিখ নিয়ে আমরা সিদ্ধান্তে আসব।"
প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তির একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও সরবরাহ করেছেন এনটিআরসিএর প্রধানের দায়িত্বে থাকা এ অতিরিক্ত সচিব।
২০১৫ সাল থেকে এনটিসিআর-এর মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ দেওয়া হতো প্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা পরিচালনা পর্ষদের মাধ্যমে।

কিন্তু এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এবার নিয়োগ পরীক্ষায় শূন্য পদের তিন গুন প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও এনটিআরসিএর প্রতিনিধির সমন্বয়ে বোর্ড গঠন করে নেওয়া হবে মৌখিক পরীক্ষা।
লিখিত ও মৌখিক পরীক্ষাতয় পাস নম্বর হবে ৪০ শতাংশ। উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত শূণ্যপদের বিপরীতে এনটিআরসিএ অনলাইনে পছন্দক্রমের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেবে। একজন প্রার্থী পাঁচটি শূন্যপদের বিপরীতে পছন্দ দিতে পারবেন। কোনো প্রার্থী এর বাইরে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চাইলে অনলাইন আবেদনের সুযোগ পাবেন।