১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ‘তথ্য পেলে’ আনুষ্ঠানিকভাবে জানাবে মন্ত্রণালয়

সরকারের তরফে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাসকে না জানিয়েই ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ‘তথ্য পেলে’ আনুষ্ঠানিকভাবে জানাবে মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 09:41 PM

Updated : 19 Oct 2026, 09:41 PM

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে দেশটির কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

জবাব পাওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি হস্তান্তর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত বুধবার সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত এক বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ।

সরকারের তরফে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাসকে না জানিয়েই ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পাশাপাশি বিস্তারিত তথ্য জানতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠানো হয়।

এদিকে সৌদি আরবের বাদশা খালিদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্র তাদের মরদেহ অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হবে।”

তিন বিমানবন্দরে ২০০ ট্রলি

প্রবাসীদের লাগেজ ও মালামাল পরিবহন সহজ করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২০০টি ট্রলি সরবরাহ করেছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। এর আগে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি করে ট্রলি সরবরাহ করা হয়।

জাপানে কর্মী পাঠাতে নতুন কর্মসূচি

বিদেশে কর্মসংস্থান নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রচলিত কারিগরি ইন্টার্নশিপ পদ্ধতির পরিবর্তে নতুন ‘এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

চুক্তিটির সুবিধা তুলে ধরে তিনি বলেন, “এই চুক্তির মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে এবং কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

“কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা উন্নয়ন ঘটবে, যার ফলে আমাদের কর্মীরা উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবেন।”

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ে ১৭ অক্টোবর

সমঝোতা স্মারক সই হয়। এ কর্মসূচির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়ার কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।