সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নাকচ
এর আগে ঢাকার সিএমএম আদালতেও তার জামিনের আবেদন নাকচ হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য জানিয়েছেন।
এর আগে ঢাকার সিএমএম আদালতেও তার জামিনের আবেদন নাকচ হয়।
গত ১৪ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ।
এতে আনিস আলমগীর ছাড়াও মেহের আফরোজ শাওনকে আসামি করা হয়। এই মামলায় গত ১৫ ডিসেম্বর আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
মামলায় বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ত্যাগ করে। কিন্তু তার অনুসারীরা দেশের মধ্যে বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে অবস্থান করে দেশের অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে। আসামিরা আগে থেকে আওয়ামী লীগের ছত্রছায়ায় রয়েছে।
“তারা গত বছরের ৫ অগাস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরে আনার জন্য প্রপাকান্ডা ছড়িয়ে আসছে।”
