Published : 20 Nov 2025, 09:19 PM
এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় শুক্রবার ভোর পর্যন্ত তিতাস গ্যাসের বিতরণ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার তিতাসের এক জরুরি বার্তায় বলা হয়, “এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি থেকে গ্যাসের সরবরাহ হ্রাস পাচ্ছে। ফলে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।”
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি এলএনজি টার্মিনাল ১৮ ঘণ্টার জন্য মেনটেইনেন্সে গেছে। এ কারণে প্রায় আড়াইশ মিলিয়ন ঘনফুট গ্যাসে সরবরাহ কমেছে। আজ রাত ১২টায় মেনটেইনেন্স শেষ হবে।”
সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।