Published : 27 Aug 2026, 03:58 PM
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করার বিষয়ে জোর দিয়ে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জাননিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখারও তাগিদ দেন তিনি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। ওই সাক্ষাতে রাষ্ট্রপতি ইসির প্রতি এ আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ সাক্ষাৎ হয় বলে বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনার ফজল মো. সানাউল্লাহ।
এ সময় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন সিইসি। তিনি কমিশনের সার্বিক কার্যক্রম বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, এনআইডি সংশোধন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের এনআইডি সেবাসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন সিইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরল ইসলাম আলমগীর।
বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকারসহ অন্যান্য সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ ব্যাপারে তার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
গেল ২০ অগাস্ট সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন; পরদিন ২১ অগাস্ট সন্ধ্যায় শপথ নিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।
আরও পড়ুন: