১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি দিয়ে তথ্য চাইল পুলিশ

ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 01:03 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ‘পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে’; ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।

ওই ব্যক্তি সম্পর্কে কোন তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত পুলিশকে অবহিত করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

ওই ব্যক্তির বিষয়ে কোন তথ্য থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনাকে ০১৩২০০৪০০৮০ এই নম্বরে বা পল্টন থানার ওসিকে ০১৩২০০৪০১৩২ ফোন করে জানানোর অনুরোধ করেছে পুলিশ। 

সন্ধানদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি তাকে ‘উপযুক্ত’ পুরস্কারের কথাও জানিয়েছে পুলিশ। 

হামলাকারী হাদির সঙ্গে তার নির্বাচনি প্রচারে ছিলেন বলে সতীর্থরা মনে করছেন। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা ‘আততায়ী’ হিসেবে সন্দেহ করছেন।

এদিকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের, তার ফেইবুক পোস্টে বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কয়েকদিন আগে ইনকিলাব সেন্টারেও দেখা যায়। 

“সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় তিনি ইনকিলাব সেন্টারে হাদির পাশে বসে আলোচনায় অংশ নেন। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।” 

জুলকারনাইন বলেন, দাউদ খান ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। গত বছর একটি স্কুলে চাঁদাবাজির মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন।

এই শুক্রবার দুপুরে মতিঝিলের একটি মসজিদে সেরকম একটি প্রচার শেষে সতীর্থদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য ব্যাটারি রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন তিনি।

চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় পানির ট্যাংকির সামনে মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী হাদিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যেটি তার মাথায় লাগে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আততায়ী 'পেশাদার শ্যুটার', হাদির সঙ্গেই ছিলেন?