১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন তেজগাঁওয়ের শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা বেলা ২টার পর সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়, বলেন ওসি ক্যশৈন্যু মারমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 03:34 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেইটে অবরোধ করা সতীর্থরা প্রায় চার ঘণ্টা পর সড়ক ছেড়েছেন।

রোববার বেলা ২টার পর শিক্ষার্থীরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয় বলে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন।

এর আগে সকাল সোয়া ১০ টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেইট মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকার ব্যস্ত এই সড়কে যান চলাচল বন্ধ হলে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

শুরু থেকেই শিক্ষর্থীদেরকে সরে যেতে পুলিশ অনুরোধ করলেও অবস্থান অব্যাহত রাখেন তারা।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারামারি হয় গেল ৬ ডিসেম্বর। এতে কয়কজন আহত হন। তাদের মধ্যে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাতে মারা যান।

নিহত সাকিবুল তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

পরদিন ১১ ডিসেম্বর তার মৃত্যুর প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে ফার্মগেইট এলাকায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তার সতীর্থরা।

পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে গেলেও এদিন ফের তারা সড়কে নেমে বিক্ষোভ দেখান।

আগের খবর:

ফার্মগেইটে সড়ক অবরোধে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

সতীর্থের মৃত্যু: ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ২ ঘণ্টা অবরোধ