০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তিন সংস্থার যৌথ তদন্ত কমিটি

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেছেন ডিএনসিসি প্রশাসক।

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তিন সংস্থার যৌথ তদন্ত কমিটি
মিরপুর-২ এলাকায় দুপুরে দেয়াল ধসের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 12:44 AM

Updated : 19 Sep 2026, 02:33 PM

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের দেয়াল ধসে ২ জনের মৃত্যু এবং ৬ জন আহত হওয়ার ঘটনায় যৌথ তদন্ত কমিটি গঠনের তথ্য দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি বলেছে, রাজউক, গণপূর্ত বিভাগ ও সিটি করপোরেশনের সদস্যদের সমন্বয়ে গঠিত এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুপুরে দেয়াল ধসের পর দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান সাংবাদিকদের এ তদন্ত কমিটি গঠনের কথা বলেন। 

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করে প্রশাসক বলেন, “দেয়ালটি নির্মাণে ত্রুটি ছিল। দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধুমাত্র ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেল।”

ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করে নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, “আহতদের আর্থিকভাবে সহায়তার চেষ্টা করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

পরিদর্শনকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে: স্বাস্থ্যমন্ত্রী