১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক খরচ হিসেবে আহতদের স্বজনের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 11:57 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

রাজধানীর মিরপুরে কলেজের দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, “আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, সে জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

“বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী আনতে হলে তার হিসাব রাখা হবে এবং আমরা তার পুরো অর্থ পরিশোধ করব। এরই মধ্যে প্রাথমিক খরচ হিসেবে আহতদের স্বজনের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।” 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ৬ জন।

আহতদের মধ্যে নিটোরে ৫ জন চিকিৎসাধীন। অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহতরা শঙ্কামুক্ত আছেন বলে তথ্য দিয়েছেন চিকিৎসকরা। 

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান উপস্থিত ছিলেন।

টিসিবির লাইনে ধসে পড়ল কলেজের দেয়াল, ২ জনের মৃত্যু