১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুদকের জিজ্ঞাসাবাদে সালমান এফ রহমান

গত ২৬ জানুয়ারি তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 06:36 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে রোববার বিকালে তাকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়ার কথা জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।

এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন—সালমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই সোহেল এফ রহমান, সোহেলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, সালমান এফ রহমানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকমোডেশন বিল তৈরি করে ১৩৭ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এ জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এ মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সালমান এফ রহমান বর্তমানে ১৮টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি রয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।

গত বছরের ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে আছেন। তবে তার ছেলে, ভাই ও ভাইয়ের ছেলের বিদেশে অবস্থানের কথা সংবাদমাধ্যমের খবরে এসেছে।

১৯৪৯ কোটি টাকা 'আত্মসাৎ': সালমান এফ রহমানভাইছেলেদের বিরুদ্ধে ৫ মামলা