১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ জেলায় তাপপ্রবাহের বিস্তার

বৃহস্পতিবার বিকেলে অধিদপ্তরের আবহাওয়াবিদ নাজমুল হক বলেছেন, আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 07:39 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

বৈশাখের দ্বিতীয় সপ্তাহর শুরু থেকে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ২০ জেলায় বিস্তৃত হয়েছে। 

এর মধ্যে রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদ নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এপ্রিলের ২৭-২৮ তারিখ নাগাদ তাপমাত্রা কমে আসবে বলে আশা করা যায়। তবে খুলনা বিভাগের কয়েকটি জেলায় এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।”

এর আগে বুধবার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। 

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে ‘মৃদু তাপপ্রবাহ’ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে ‘মাঝারি’ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে ধরা হয় ‘তীব্র তাপপ্রবাহ’। তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় ‘অতি তীব্র তাপপ্রবাহ’।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। 

এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

পুরনো খবর

'চামড়া তো পুইড়া তামা হয়া গেল'

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে, গরমে হাঁসফাঁস