সাহসী সাংবাদিক খালিদী কর্মক্ষেত্রে নজিরও রেখেছেন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, “তৌফিক ইমরোজ খালিদী সাংবাদিক হিসেবে ছিলেন সৎ, সাহসী ও মেধাবী। কর্মক্ষেত্রে তার নজিরও রেখেছেন।
“বর্তমানে মুক্ত সাংবাদকিতার আবহে তার মত এরকম সাহসী সাংবাদিকের বিদায় অবশ্যই বেদনার।”
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রিজভী।
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে মারা যান। বয়স হয়েছিল ৫৯ বছর।
মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়েছিল।
পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিএনপির মিডিয়া সেল সদস্য ও সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান শোক প্রকাশ করেছেন।
