১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক জেলায় তাপপ্রবাহ, সাগরে লঘুচাপ

কাজী জেবুন্নেসা বলেন, “ আমরা ধারণা করছি সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তখন ঘূর্ণিঝড়ের বিষয়ে বলা যাবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 03:08 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ২৪ ঘণ্টার মধ্যে ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ধারণা করছি, লঘুচাপটি আগামীকালের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড় হবে কি না, তা তখন বলা যাবে। এখনই কিছু বলা যাচ্ছে না।”

ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘রেমাল’। এই নামটি প্রস্তাব করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি।

আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, “দেশের কিছু-কিছু জায়গায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে শনিবার থেকে দেশের প্রায় সব জায়গায় কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, নেত্রকোনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গা জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে বুধবারও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। 

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তরের জেলা তেতুলিয়ায় ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। 

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।