১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রূপগঞ্জে ‘ডাকাত দলের গুলিতে’ ব্যবসায়ী আহত

“আমাদের বাসার নিচে একটি এনজিওর ব্যাংক আছে, ধারণা করছি সেই ব্যাংক ডাকাতি করতেই তারা এসেছিল,” বলেন আহতের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 10:55 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের ছোড়া গুলিতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

তমিজ উদ্দিন নামে ৬৫ বছর বয়সি ওই ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার রাত আড়াইটার দিকে রূপগঞ্জের গোলাকান্দা এলাকায় নিজ বাসার সামনে এ গুলির ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।

চিকিৎসকের বরাতে তিনি বলেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বাম পায়ে গুলিবিদ্ধ তমিজ উদ্দিন ওই এলাকায় ফোমের ব্যবসা করেন। তিনি নরসিংদীর মাধবদী এলাকার হযরত আলীর ছেলে।

তমিজ উদ্দিনের স্ত্রী লাভলী আক্তার হাসপাতালে বলেন, তার স্বামী প্রায়ই মধ্যরাতে চা খেতে বাসার নিচের চায়ের দোকানে যান, সেখানকার একটি চায়ের দোকান সারারাতই খোলা থাকে। শনিবার রাত আড়াইটার দিকেও তিনি চা খেতে বাসার নিচে নেমেছিলেন।

“এ সময় তিনি দেখেন ৭-৮ জনের একটি দল দাঁড়িয়ে আছে, সবার মুখ ঢাকা ছিল। আমার স্বামী তাদের দেখে ভয়ে চিৎকার দিলে তারা রাম দা দিয়ে কোপ দিতে নেয়। তখন তিনি দৌড় দিয়ে বাসায় ঢুকতে গেলে তারা গুলি করে।”

পরে তমিজ উদ্দিনের চিৎকারে তার স্ত্রী ছেলেদের নিয়ে বাসার নিচে নেমে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লাভলী আক্তার বলেন, “আমাদের বাসার নিচে একটি এনজিওর ব্যাংক আছে, ধারণা করছি সেই ব্যাংক ডাকাতি করতেই তারা এসেছিল। আমার স্বামী তাদের দেখে ফেলায় তার উপরে হামলা করেছে।”