Published : 12 Aug 2026, 06:44 PM
রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার খুনের মামলার আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর খাজা হাবিবুল্লাল হাবিবকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
খাজা হাবিবুল্লাহ হাবিব ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং শাহবাগ থানা বিএনপির নেতা। গত ৭ অগাস্ট তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে রমনা মডেল থানায় নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে থানায় অসুস্থ হয়ে পড়লে হাবিবকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হয়।
সুস্থ হওয়ার পর বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার। হাবিবের পক্ষে তার আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৮ জুন রাত ৮টার দিকে সালিশের কথা বলে মৌচাকের আনারকলি মার্কেট সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী আম্বিয়া খাতুন পরদিন রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, বিল্লাল খাবার হোটেলের ব্যবসা করতেন। বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশ মৌচাকের আনারকলি মার্কেটে ব্যবসা করেন। আসামি দিদারুল ইসলাম বাবু আনারকলি মার্কেটের ফুটপাত ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল ও ময়লা পরিষ্কারের বিলের নাম করে চাঁদা তুলতেন। এ নিয়ে দিদারুলের সঙ্গে আকাশের বিরোধ চলছিল।
৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকাশের বিষয়ে দিদারুল কথা বলবে জানিয়ে বিল্লালকে আনারকলি মার্কেটের পেছনে ডেকে নেওয়া হয়। সেখানে দিদারুলসহ অন্য আসামিরা রাত পৌনে ৮টার দিকে বিল্লালকে মারধর করে। এক পর্যায়ে দিদারুলের নির্দেশে রিয়াজুল ছুরি দিয়ে বিল্লালের বুকে আঘাত করেন। আকাশকেও মারধর করে আহত করা হয়। আকাশের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
স্থানীয়রা বিল্লালকে উদ্ধারকে প্রথমে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ১০টার দিকে মারা যান বিল্লাল।
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যায় বিএনপি নেতা হাবিব