Published : 30 Dec 2025, 06:03 PM
ভারত থেকে আরো ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ মাসের মাঝামাঝি ভারত থেকে চাল এনে মূল্যস্ফীতির চাপ সামলানো হবে বলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তুলে ধরেছিলেন।
১৫ ডিসেম্বর ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সেদিন ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্তর কথা তুলে ধরে তিনি বলেছিলেন, “চালটা ভারত থেকে আসবে।”
মূল্যস্ফীতি বাড়ার বিষয়ে সরকার কী করছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমি ৫০ হাজার টন চাল আনছি তো। যত তাড়াতাড়ি পারি…হয়তো আমরা দাম কমিয়ে নিয়ে আসব।”
গেল ২৪ নভেম্বরও ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ভারতের চাল আমদানির কথা বলেছিলেন সালেহউদ্দিন আহমেদ।
সেদিন সিঙ্গাপুরের এক সরবরাহকারীর মাধ্যমে চাল আনার কথা জানিয়েছিলেন তিনি। আর এবার আনা হচ্ছে ভারতীয় কোম্পানির মাধ্যমে।
মঙ্গলবারের বৈঠকেও ফের চাল কেনার সিদ্ধান্ত হয়। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩৫৯ দশমিক ৭৭ ডলার। এতে ব্যয় হবে ২২০ কোটি ৫ লাখ ৩৩ হাজার ২০৫ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
এদিন ১০ হাজার ফসফরিক অ্যাসিড, ৩০ হাজার টন ‘ব্যাগড গ্র্যানুলার’ ইউরিয়া সার ও ৪০ হাজার টন ‘বাল্ক গ্র্যানুলার’ ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত হয়।
এছাড়াও নারায়নগঞ্জ খানপুরে অভ্যন্তরীন কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (সংশোধিত) প্রকল্পে ১৮৪ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়।