Published : 11 Oct 2025, 04:06 PM
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট ফটকসহ ঢাকার কয়েকটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধে ফের গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।
শনিবার নতুন করে দেওয়া গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
“প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সকল প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।”
বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর আগে গত ১৩ মার্চ, ১০ মে, ৯ জুন, ৮ জুলাই ও ৪ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তিতে একই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।
এর ফলে দফায় দফায় গণবিজ্ঞপ্তি দিয়ে এসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত বলবৎ রাখছে পুলিশ।
নিষেধাজ্ঞার মধ্যেই সবশেষ গত ২৭ অগাস্ট বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার নেতৃত্বে ছিল বুয়েট।
বিক্ষোভের মধ্যে দুপুরের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পুলিশ বাধা দেয়। তখন লাঠিপেটা, জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্তি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন ছাত্র ও পুলিশ সদস্য আহত হন।