Published : 12 Jun 2023, 06:41 PM
একাদশ জাতীয় সংসদের ২৮৯ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি হবে আগামী ২৫ জুলাই।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির এই দিন ঠিক করে দেন।
রিট আবেদনকারী আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের পর এই রিট আবেদন দায়েরের পর তা খারিজ হয়েছিল হাই কোর্টে। চার বছর পর দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে আপিলের আবেদন হওয়ার পর শুনানির তারিখ পড়ল।
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বয়কট করলেও একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে ভোটের ফল প্রকাশের পর ক্ষতাসীনদের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে বিএনপি।
২০১৯ সালের ৩ জানুয়ারি আওয়ামী লীগসহ অন্য দল থেকে নির্বাচিত ২৮৯ জন এমপি শপথ নিলেও তা বর্জন করে বিএনপি জোট থেকে নির্বাচিত সাতজন সংসদ সদস্য।
এর পাঁচ দিন পর ৮ জানুয়ারি দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিস পাঠান বিএনপি সমর্থক এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে নোটিসটি পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সম্পাদক এবং বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।
নোটিসে বলা হয়, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থি।
নোটিসের জবাব না পাওয়ার কথা জানিয়ে তার পরের মাস ফেব্রুয়ারির ১৮ তারিখে ওই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন তৌহিদ। তবে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ তা খারিজ করে দেয়।
পুরানো খবর:
সাংসদদের শপথের বৈধতা প্রশ্নে রিট আবারও খারিজ