১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নদী-খালের পাড় রক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

“নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্না ঘাস একটি কার্যকর, পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হতে পারে।”

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 04:57 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

নদী ও খালের পাড় সুরক্ষায় করণীয় নির্ধারণে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে তার কার্যালয়।

সেখানে বাংলাদেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশে কংক্রিটের ব্লক ও জিও ব্লকের পরিবর্তে পরিবেশবান্ধব ও টেকসই বিন্না ঘাস ব্যবহারের ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ শরিফুল ইসলাম।

তিনি বলেন, নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্না ঘাস একটি কার্যকর, পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হতে পারে। দেশের কয়েকটি স্থানে এই ঘাস পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। 

এ ঘাস বৃহৎ পরিসরে প্রকল্প আকারে বাস্তবায়নের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের বিকল্প ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন সরকারপ্রধান তারেক রহমান। তিনি এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।