Published : 06 Apr 2026, 02:22 PM
বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এ সভার আলোচ্যসূচিতে ১৯টি প্রকল্প রাখা ছিল, যার বাকি অংশ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদিন ১৯টি প্রকল্প উঠার কথা ছিল; ৮টির আলোচনার মধ্যেই মুলতবি রাখা হয়। আগামী সপ্তাহে আবার বসবে।
“মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা সভা থাকায় এদিনের মতো শেষ করা হয়।"
এর মধ্যে কোনো প্রকল্প অনুমোদন পেয়েছে কি না, এমন প্রম্নের উত্তরে তিনি বলেন, “৬টি পাস হয়েছে। ২টি বাদ রাখা হয়েছে।”
এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রকল্প নির্ধারণ, ব্যয় কাটছাঁট আর উন্নয়নের গতিপ্রকৃতির দিশা ঠিক করতে সরকারের শীর্ষ পর্যায়ের এই কমিটি সাধারণত রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ- এনইসি সন্মেলন কক্ষে বৈঠক করে থাকে। এবার সেই রেওয়াজ পাল্টে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
রোববার পরিকল্পনা মন্ত্রণালয় বলেছিল, “আগামীকাল (সোমবার) অনুষ্ঠিতব্য একনেক সভার ভেন্যু পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে (কক্ষ নং ২০০, ২য় তলা, ভবন নং-১) অনুষ্ঠিত হবে।"

এনইসি থেকে সচিবালয়ে বৈঠক সরিয়ে নেওয়ার কারণ কী তা এ বার্তায় স্পষ্ট করা হয়নি। তবে কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর এখনকার কর্মস্থল সচিবালয়কে কেন্দ্র করেই সব কার্যক্রম পরিচালনার ইঙ্গিত দেন।
একনেক উপলক্ষে প্রথমবার সরকারপ্রধানের আসার কথা থাকায় পরিকল্পনা কমিশন চত্বর অনেকটাই গোছগাছের পাশাপাশি সাজসজ্জার কাজ করা হয়েছিল।
কমিশনের সড়কও নতুন করে পিচ ঢেলে ঠিক করা হয়। নতুন গাছও লাগানো হয়েছিল প্রথম বৈঠককে কেন্দ্র করে।
সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার তেজগাঁওয়ের কার্যালয় ছেড়ে বেশিরভাগ সময় অফিস ও নিত্যদিনের সভা সারছেন সচিবালয়ে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।