২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন: দল ও বিশেষজ্ঞদের সুপারিশ কী, যা বলছে কমিশন

জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোকে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

সাত দফা অঙ্গীকারনামা সংবলিত জুলাই জাতীয় সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ তুলে ধরেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিশেষজ্ঞ প্যানেলের তরফে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ-এই চার পদ্ধতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ এসেছে।

অপর দিকে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়নসহ সংবিধান সংস্কার সভার সুপারিশ এসেছে রাজনৈতিক দলগুলোর তরফে।

বুধবার জাতীয় ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  দিয়েছে।

তার আগে ১১ সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন, যাতে সই করলে রাজনৈতিক দলগুলো এই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তুলতে পারবে না বলা হয় তাতে।

সেদিন স্বাক্ষরের জন্য এই চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। 

কিছুক্ষেত্রে ভিন্নমত (নোট অব ডিসেন্টসহ) মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হওয়ার কথা বলা হয়েছে এই চূড়ান্ত খসড়ায়।

এখন সনদ বাস্তবায়নের পথ খুঁজতে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। 

কমিশন একাধিক বৈঠকে আইনজ্ঞ বিশেষজ্ঞ প্যানেল থেকে তাদের সুপারিশও নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে রাজনৈতিক দল ও জোটের তরফে পাওয়া সুপারিশগুলো হল-

>> পূর্ণাঙ্গ সনদ বা তাঁর কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান।

>> রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা।

>> নির্বাচনের মাধ্যেমে একটি গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা।

>> ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সনদ বাস্তবায়ন করবেন।

>> সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা   

>> অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কি না সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাওয়া। 

ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষজ্ঞ প্যানেল একাধিক বৈঠকে বিভিন্ন ধরণের বিকল্প বিবেচনা করে প্রাথমিক পর্যায়ে পাঁচ পদ্ধতিতে বাস্তবায়নের জন্যে সুপারিশ করেছে। 

এগুলো হল- অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া।

পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত হওয়া বিষয়গুলোকে (যার মধ্যে ভিন্নমত/নোট অব ডিসেন্ট আছে) চারভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এগুলো হচ্ছে:

>> অধ্যাদেশ

>> নির্বাহী আদেশ    

>> গণভোট

>> বিশেষ সাংবিধানিক আদেশ    

বিজ্ঞপ্তিতে ১১ সেপ্টেম্বরের বৈঠকে যে দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে তারও তথ্য দেওয়া হয়েছে।

এ দুটি বিষয় হল-সংস্কারের যে সব সুপারিশ সংবিধান সংশ্লিষ্ট নয় সে সব বাস্তবায়নের জন্যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সরকারের পক্ষ থেকে ‘এই ধরণের কিছু বিষয়ে ইতোমধ্যেই অধ্যাদেশ জারি এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে’ বলেও এতে তুলে ধরা হয়।

সংস্কারের যে সব সুপারিশ সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়ণের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। এক্ষেত্রেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘এই ধরণের কিছু বিষয় ইতোমধ্যেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করেছে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের স্বাগত বক্তব্যে এক মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশের পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ায় শুরু করার আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ।

তিনি বলেন, “কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে। আমরা কোনো অবস্থাতেই এক মাস সময় নিয়ে এই আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নই। আমরা মনে করি না যে আগামী এক মাস ধরে এ বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত একটা ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারব।”

আগের খবর:

এক মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন শুরুর আশা আলী রীয়াজের

জুলাই সনদ: ৮৪ বিষয়ে 'ঐকমত্য', আদালতে প্রশ্ন তুলতে পারবে না দলগুলো