১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

দুই কার্গো করে কেনা হবে মার্কিন কোম্পানি ‘ডারাব ইনক’ ও ‘মাইন্ড মিঙ্গল’ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 07:48 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

দরপত্র ও সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনায় অনুমোদন দিয়েছে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার কমিটির ৪৪তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তোলা তিনটি প্রস্তাবের অনুকূলে এ অনুমোদন দেওয়া হয়।

আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায়, আগামী অক্টোবরের জন্য প্রস্তাবিত পাঁচ কার্গো এলএনজির মধ্যে দুই কার্গো আমদানিতে অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে একটি কেনা হবে যুক্তরাজ্যভিত্তিক ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে; প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ ডলার দরে।

আরেকটি কেনা হবে সিঙ্গাপুরের ‘ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড’ থেকে; প্রতি এমএমবিটিইউয়ের দাম পড়বে ২৯ দশমিক ৭৯৫ ডলার।

এছাড়া সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের কাছ থেকে চার কার্গো এলএনজি আমদানি করা হবে। 

এর মধ্যে মার্কিন কোম্পানি ‘ডারাব ইনক’ থেকে প্রতি এমএমবিটিইউ ১৭ মার্কিন ডলার দরে ২ কার্গো এবং ‘মাইন্ড মিঙ্গল এলএলসি থেকে প্রতি এমএমবিটিইউ ১৯ মার্কিন ডলার দরে ২ কার্গো এলএনজি কিনবে সরকার।

সমুদ্রপথে আনা এলএনজি গ্রহণ ও সংরক্ষণ করা হয় ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে। পরে সেটি আবার গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় জাতীয় গ্রিডে। 

এই প্রক্রিয়া সম্পন্ন করতে মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে ২১ জুলাই একটি টার্মিনালে আগুন লাগায় গ্যাস সরবরাহ কমে যায়।