সন্তানদের বাঁচিয়ে পুড়ে মরলেন দম্পতি
“আগুন লাগার পর বাবা-মা তাদের দুই সন্তানকে জানালা দিয়ে বের করে দিলেও তারা বের হতে পারেননি।”
ঢাকার দোহারে ঘরে লাগা আগুনে পুড়ে এক দম্পতি মারা গেছেন।
শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনার ঘরে থাকা দুই সন্তানকে জানালা দিয়ে বের করে দিতে পারলেও তারা ভেতরে আটকা পড়েন বলে জানিয়েছেন দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক।
নিহত ৫৫ বছর বয়সী সালাম শিকদার ও তার স্ত্রী ৫০ বছর বয়সী নাসিমা বেগম উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামের নিজ বাড়িতে বসবাস করতেন।
তাদের তিন সন্তান, তবে বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘটনার সময় দুই সন্তানসহ ঘরে ছিলেন ওই দম্পতি।
রাত ১ টার দিকে আগুনের সংবাদ পাওয়ার কথা জানিয়েছেন দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।
পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আধঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরো ঘরটি পুড়ে যায় বলে জানিয়েছেন
রাকিবুল ইসলাম বলেন, “কাঠ ও টিনের ঘরটির ফ্লোর পাকা ছিল। ভেতরেই দুইজন পুড়ে মারা গেছে।”
স্থানীয়দের বরাতে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “গভীর রাতে ঘরে আগুন লাগলে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় বাবা-মা তাদের দুই সন্তানকে জানালা দিয়ে বের করে দিলেও তারা বের হতে পারেননি। ভেতরেই দুইজন পুড়ে মারা গেছেন।”
বেঁচে ফেরা দুই সন্তানের মধ্যে একজনের বয়স আনুমানিক ১২ বছর, আরেকজন কিছুটা বড় হবে জানালেও তাদের নাম জানাতে পারেননি ওসি সিদ্দিক।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটা দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
