হাদির মৃত্যু: শাহবাগ অবরোধ, বিক্ষোভ-স্লোগান
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়ছে।
ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় হামকালীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাড় মোড় অবরোধ করেছেন একদল আন্দোলনকারী।
শুক্রবার বেলা ১২টার আন্দোলনকারীদের শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়ছে।
সেখানে ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’ ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা দেখা গেছে।
এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হাদির সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর আসে বৃহস্পতিবার ।
হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা শাহবাগ অবরোধ করেন। শাহবাগে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে টিএসসির সামনে বিক্ষোভ দেখান
বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীও বিক্ষোভ করেন।
এক পর্যায়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ ইসলামসহ অনেকে সেখানে যোগ দেন।
সে সময় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে ‘শহীদ ওসমান হাদি হল’ নামে পোস্টার লাগিয়ে দেন হল সংসদ নেতারা।
হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে সন্ধ্যায়। তার মৃতুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
