১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অভিযানে গিয়ে ছুরিকাহত মাদক নিয়ন্ত্রণের দুই সদস্য

নারায়ণগঞ্জের বন্দরে ঘটেছে এই ঘটনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 07:35 PM

Updated : 10 Nov 2022, 02:08 PM

Image

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে অভিযানে গিয়ে ছুরিকাহত হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সিপাহী।

যাকে ধরতে গিয়েছিলেন, তার ছুরিকাঘাতে ওই দুই সিপাহী আহত হন বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার দুপুরের এই ঘটনায় আহতরা হলেন শরিফুল ইসলাম (৩৩) এবং নাসির উদ্দিন (৩২)। শরিফের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বন্দর এলাকা থেকে আশিক (৩৫) এবং তার মাকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে হুমায়ুন নামের একজনের খোঁজ জানা যায়।

হুমায়ুন ‘মধ্যম সারির মাদক ব্যবসায়ী’ বলে জানান মামুন।

তিনি বলেন, “পরে উপ পরিদর্শক মো. সজিবের নেতৃত্বে একটি দল তাকে (হুমায়ুন) ধরতে বন্দরের সোনাছড়া এলাকায় তার বাসায় অভিযান চালাতে গেলে আক্রান্ত হন।

“হুমায়ুন তার হাতে থাকা ছুরি দিয়ে নাসিরের পেটে এবং শরিফুলের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়।”

এই ঘটনায় বন্দর থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান উপ-পরিচালক মামুন।