১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘বঞ্চিত’ ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

মুহাম্মদ ইউনূসের হাতে সুপারিশসহ প্রতিবেদনটি তুলে দিয়েছে কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 09:49 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

আওয়ামী লীগ সরকারের দেড় দশকে জনপ্রশাসনে ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া’ কর্মকর্তাদের মধ্যে ৭৬৪ জনকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধাসহ পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “কমিটি নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন দেওয়ায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। কমিটি সুপারিশসহ রিপোর্ট দিয়েছে। 

“তারা ১৫৪০ জনের মত আবেদন পেয়েছিলেন। সেটা যাচাই-বাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে। সুপারিশ পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ‘বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া’ সচিব থেকে শুরু করে উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এই তালিকায় রয়েছেন।

এখন প্রশাসনে বিগত সরকারের দোসর রয়ে গেছে- এমন আলোচনা রয়েছে। তাদের বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চাইলে উপ প্রেস সচিব বলেন, প্রশাসনে রদবদল নিয়মিত প্রক্রিয়া। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কয়েক হাজার রদবদল হয়েছে। এটা চলমান রয়েছে। 

“সরকার যখনই যেখানে প্রয়োজন মনে করছে। সেখানে কাউকে পদোন্নতি দিচ্ছে, বদলি বা পদায়ন করছে। কারো বিরুদ্ধে আগের সরকারের সঙ্গে কাজ করার বা সুবিধা ভোগের গুরুতর অভিযোগ আসছে, এটা তাদের ক্ষেত্রে হচ্ছে। আবার প্রশাসনিক অন্যান্য কারণেও হচ্ছে।”

প্রধান উপদেষ্টার দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পর্যালোচনা কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে সদস্যরা এদিন সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখানে মুহাম্মদ ইউনূসের হাতে সুপারিশসহ প্রতিবেদনটি তুলে দেন তারা।

এ সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

চাকরিচ্যুত সেইসব কর্মকর্তাদের চাকরিতে ফিরিয়ে আনা বা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিতে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। যার নেতৃত্বে আসেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকির আহমেদ খান।

বঞ্চিত কর্মকর্তাদের সমস্যা সমাধানে এই কমিটিকে তিন মাস সময় দেওয়া হলেও, তার আগেই প্রতিবেদন জমা পড়ল। 

আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার চার মাস সময় পার করেছে। এই কয়েক মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনে রদবদল, উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত এসেছে একের পর এক।

শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ, আইন-আদালত, সশস্ত্র বাহিনী, হাসপাতাল ও সেবাখাত, জনপ্রশাসন সব জায়গায় পরিবর্তন অব্যাহত আছে।

পুরনো খবর:

হাসিনার আমলে 'বঞ্চিতকর্মকর্তাদের মূল্যায়নে ৫ সদস্যের কমিটি

'বঞ্চিতকর্মকর্তাদের আবেদনের সময় বাড়ল ৩ দিন