১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

বেলায়েত হোসেনের পাশাপাশি তার পরিবারের সদস্যদের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছে আদালত।

পিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ
বেলায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 12:15 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং তার পরিবারের সদস্যদের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ রোববার এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক রুবেল হোসেন আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং মালিকানাধীন অন্য কোনো সম্পদ আছে কি না, তা যাচাই/পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বেলায়েত হোসেন, তার স্ত্রী ফারহানা হোসেন, দুই মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতু এবং ছেলে আদনান হোসেন নীপুর আয়কর নথির (শুরু থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত) বিবরণী পর্যালোচনা করা আবশ্যক। 

“এজন্য বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহ করার করার জন্য আদালতের আদেশ একান্ত প্রয়োজন।”