১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভাঙার আদেশ বহাল

গত ১২ ডিসেম্বর হাই কোর্ট ৩০ দিনের মধ্যে এই বিপণী কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভাঙার আদেশ বহাল

গুলশান শপিং সেন্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 02:41 PM

Updated : 22 Jan 2024, 02:43 PM

রাজধানীর গুলশান-১ এর ‘গুলশান শপিং সেন্টার’ গুঁড়িয়ে দিতে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবাদুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাই কোর্ট বেঞ্চ গত ১২ ডিসেম্বর ৩০ দিনের মধ্যে এই বিপণী কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।

গত বছরের জুলাইয়ে গুলশান শপিং সেন্টার ভেঙে ফেলার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করে ‘বাণী চিত্র’ ও ‘চলচ্চিত্র’ নামে দুটি কোম্পানি। প্রাথমিক শুনানি নিয়ে আদালত সেদিন রুল জারি করে।

পরে ১২ ডিসেম্বর রুলের চূড়ান্ত শুনানি করে এ শপিং সেন্টার ৩০ দিনের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।

২০১৭ সালে ২ জানুয়ারি এ শপিং সেন্টারের পাশের ডিএনসিসি কাঁচাবাজারে ভয়াবহ আগুন লাগে; প্রায় ২৪ ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার পর গুলশান শপিং সেন্টারের অগ্নিনিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।

ওই বছরের ২৮ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা গুলশান শপিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনে ওই ভবনে অগ্নিঝুঁকি সংক্রান্ত ১০টি ত্রুটি ধরা পড়ে। সে সময় ত্রুটি সারানোর জন্য সময় দিয়ে ভবন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এসব ত্রুটি সারানো হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এরপর ২০১৮ সালের ১১ জুন ফায়ার সার্ভিস ঘোষণা করে, ভবনটি ‘ব্যবহার উপযোগী নয়’। ওই নোটিসের বিরুদ্ধে সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে আপিল করে গুলশান শপিং সেন্টার কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে যায় দোকান মালিক সমিতি।

কিন্তু হাই কোর্ট ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী কাজ করার নির্দেশ দেয়। ২০২১ সালের ২১ জুন আবার ওই ভবন পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটির সদস্যরা। তখনও সিদ্ধান্ত বহাল থাকে।

আরও পড়ুন

পুরানো খবর:

গুলশান শপিং সেন্টার ভাঙার নির্দেশ

পুরানো খবর:

ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার কেনাকাটায় সরগরম

পুরানো খবর:

সরছেন গুলশান শপিং সেন্টারের ব্যবসায়ীরা

পুরানো খবর:

মার্কেট বন্ধের প্রতিবাদে গুলশানে ব্যবসায়ীদের অবরোধ, সংঘর্ষ