Published : 13 Dec 2025, 03:12 PM
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনের আলোয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপরে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার এক বিবৃতিতে এই ক্ষোভের কথা জানিয়েছেন সুজনের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার।
বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, এ ধরনের বর্বরোচিত হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক।
“আমরা শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি, তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং অবিলম্বে শরিফ ওসমান হাদীর সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।”
হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে 'যথাযথ শাস্তি' নিশ্চিত করা এবং আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সব প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সুজন।
বিবৃতিতে সুজন বলছে , “সম্ভাব্য আক্রমণের হুমকি থাকা সত্ত্বেও শরিফ ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে না পারা দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
“তাই ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, কেউ যাতে নির্বাচনের যাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে তৎপর হতে হবে।”
এই লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের ধরার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ারও তাগিদ দিয়েছেন সুজন।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যেটি তার মাথায় লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে খুলি খুলে রেখে তাকে পাঠানো হয় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আর এ ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে ‘শিগগিরই’ আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।